বিএনপি মহাসচিব শহীদ আসাদ দিবসে শ্রদ্ধা জানিয়ে বলেন, তার আত্মত্যাগ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় প্রেরণা হিসেবে থাকবে
ঢাকা, বাংলাদেশ — ১৯ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৬৯ সালের আইয়ুববিরোধী গণআন্দোলনে শহীদ হওয়া ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামে প্রেরণার উৎস হয়ে থাকবে।
বিএনপি মহাসচিব তার বিবৃতিতে বলেন, “যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আসাদ জীবন উৎসর্গ করেছেন, সেটির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা আমাদের কর্তব্য। গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। শহীদ আসাদ দিবসে এই হোক আমাদের দৃপ্ত শপথ।”
তিনি আরও বলেন, “শহীদ আসাদ দিবসে ’৬৯-এর গণআন্দোলনের মহান শহীদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করছি।”
এদিকে ৯০’র ডাকসু ও শহীদ আসাদ পরিষদের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। অনুষ্ঠানে ৯০’র ডাকসু ও শহীদ আসাদ পরিষদের নেতারা উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্র-জনতার ১১ দফা কর্মসূচির মিছিলে পুলিশ গুলি চালায়। এতে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ হন এবং অনেকেই আহত হন। শহীদ আসাদের এই আত্মত্যাগ পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নিলে পতন ঘটে আইয়ুব খানের।