২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে ২৪ ঘণ্টার মধ্যে ৯৭ শতাংশ ক্ষতিকর ভিডিও সরানোর দাবি প্ল্যাটফর্মটির
ঢাকা, বাংলাদেশ — ১৯ জানুয়ারি ২০২৬
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের অভিযোগে দুই কোটিরও বেশি ভিডিও অপসারণ করেছে। অধিকাংশ কনটেন্ট আপলোডের আগেই বা খুব দ্রুত শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
টিকটকের সর্বশেষ কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশে মোট ২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৫৫১টি ভিডিও সরানো হয়েছে। এর মধ্যে প্রায় ৯৯.৮ শতাংশ কনটেন্ট আপলোডের আগেই অথবা অল্প সময়ের মধ্যে শনাক্ত করা হয়।
প্ল্যাটফর্মটির দাবি, ক্ষতিকর বা বিভ্রান্তিকর ভিডিও দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে প্রায় ৯৭ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হয়েছে।
বিশ্বব্যাপী একই সময়ে টিকটক থেকে মোট ২০ কোটি ৪৫ লাখ ভিডিও সরানো হয়েছে, যার বড় অংশ স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়। তবে ভুল শনাক্তের ঘটনাও ছিল। যাচাই শেষে ৮৯ লাখ ৫০ হাজার ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া অ্যাকাউন্ট নিরাপত্তা জোরদারে ওই প্রান্তিকে ১১ কোটি ৮৬ লাখ ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করেছে টিকটক। নীতিমালা অনুযায়ী ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীর ২ কোটি ২২ লাখ অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করা হয়েছে।
অপসারিত কনটেন্ট বিশ্লেষণে দেখা গেছে—
- প্রায় ৩০ শতাংশ ভিডিও ছিল সংবেদনশীল বিষয়বস্তু
- ১৫.৭ শতাংশ নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন
- ৩২.৯ শতাংশ ভুল বা বিভ্রান্তিকর তথ্য
- ৩৪.৪ শতাংশ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট
টিকটকের মতে, এসব কনটেন্ট দর্শকদের বিভ্রান্ত করতে পারে অথবা বাস্তব তথ্য আড়াল করার ঝুঁকি তৈরি করে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্রতিবেদনের বিস্তারিত তথ্য তাদের ট্রান্সপারেন্সি সেন্টারে পাওয়া যাবে, যেখানে কনটেন্ট নীতিমালা, নিরাপত্তা টুল এবং নীতিগত ব্যাখ্যা বাংলা ও ইংরেজি—উভয় ভাষাতেই উন্মুক্ত রাখা হয়েছে।