নির্বাচনকে কেন্দ্র করে জারি করা এক মাসের নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগের নিয়মেই মিলবে ভিসা
ঢাকা, বাংলাদেশ — ১৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনকে কেন্দ্র করে সাময়িকভাবে স্থগিত থাকা অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা পুনরায় চালু করেছে বাংলাদেশ সরকার। সোমবার নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে আগের নিয়মেই বিমানবন্দরে এসে ভিসা পাওয়ার সুযোগ ফিরে পেয়েছেন বিদেশি নাগরিকরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) থেকে অন-অ্যারাইভাল ভিসার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
এর ফলে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা এখন আগের মতোই বিমানবন্দরে এসে অন-অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। বিদেশে অবস্থিত বাংলাদেশের একাধিক দূতাবাস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেয়নি।
এর আগে নির্বাচনকে সামনে রেখে গত ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাসের জন্য অন-অ্যারাইভাল ভিসা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সে সময় বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন নির্দেশনা অনুযায়ী বিদেশ থেকে আগত যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র, ভ্রমণের উদ্দেশ্য ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে ভিসা ইস্যু করতে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট যাত্রীকে ফেরত পাঠানোর ক্ষমতাও ইমিগ্রেশন কর্মকর্তাদের দেওয়া হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটানসহ ইউরোপীয় দেশগুলোর নাগরিকরা পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ কিংবা চাকরির উদ্দেশ্যে বাংলাদেশে এসে অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।
উল্লেখ্য, ভিসা স্থগিতের সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি জানিয়েছিলেন, যাদের ভ্রমণের উদ্দেশ্য সঠিক থাকবে, তারা ভিসা নিয়ে বাংলাদেশে আসতে পারবেন।