ঢাকা — ২১ জানুয়ারি ২০২৬
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার এবং সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করতে যাচ্ছে জাতীয় বেতন কমিশন।
নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে জাতীয় বেতন কমিশন। সচিবালয়ের কমিশনের বিশেষ সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা, যা নতুন স্কেলে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে বর্তমানে সর্বোচ্চ ধাপে বেতন নির্ধারিত আছে ৭৮ হাজার টাকা, যা বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, বেতন বৃদ্ধির হার হতে পারে ১০০ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ।
বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। এর আগে দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো ভবনের সম্মেলন কক্ষে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সদস্যদের সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।
কমিশন সূত্র আরও জানায়, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এটি সম্পূর্ণভাবে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে।
প্রস্তাবিত কাঠামোতে নিচের ধাপের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ রয়েছে। তবে কমিশনের সব সুপারিশ হুবহু বাস্তবায়ন করা নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রণীত প্রস্তাবে সরকারি চাকরিজীবীরা সন্তুষ্ট হবেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে ২১ সদস্যের জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রধান করা হয়। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।