ঢাকা — ২১ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিরা আজ বুধবার বিকেল ৫টা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারবেন। প্রবাসীদের পাশাপাশি ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং হেফাজতে থাকা ব্যক্তিরাও এই পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
ইসি এক বার্তায় জানায়, ভোট প্রদান শেষে পোস্টাল ব্যালট ও হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না।
বুধবার সকালে নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মোবাইল অ্যাপে নিবন্ধিত প্রবাসীসহ সংশ্লিষ্ট ভোটাররা বিকেল ৫টা থেকে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে ভোট দিতে পারবেন। ভোটাররা নিজ উদ্যোগে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিজ নিজ সংসদীয় আসনের প্রার্থী ও প্রতীক দেখে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রয়োজনীয় আধুনিক সুরক্ষা ব্যবস্থা যুক্ত থাকায় একজনের ভোট অন্যজন দেওয়ার কোনো সুযোগ নেই। একই সঙ্গে ভোট প্রদানের গোপনীয়তা ও স্বচ্ছতাও নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে ইসি।