ব্রাহ্মণবাড়িয়া — ২১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ) আসনে নির্বাচনী প্রতীক বরাদ্দে প্রাণের চেয়ে প্রিয় ‘হাঁস’ প্রতীকই পেয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ব্যারিস্টার রুমিন ফারহানার হাতে আনুষ্ঠানিকভাবে ‘হাঁস’ প্রতীকের বরাদ্দপত্র তুলে দেন। তিনি এই আসনে বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিবের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারাই আমাকে আজকের এই অবস্থানে এনেছেন। আমাকে দেখলেই ছোট ছোট শিশুরা চিৎকার করে বলে—আমাদের ‘হাঁস’ মার্কা। তাই এই প্রতীক শুধু আমার নয়, এটি আমার ভোটারদের প্রতীক।”
নিজের জীবনের একটি আলোচিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমি হাঁস পালতাম। আমার পালিত হাঁস চুরি হলে আমি চোরকে ছাড় দিইনি—মামলা করেছি, জেলও হয়েছে। তাই কেউ যদি আমার এই হাঁস প্রতীক চুরি করার চিন্তাও করে, তাহলে তার বিরুদ্ধেও যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমি ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তারা যেভাবে চাইবেন, যেভাবে বলবেন, সেভাবেই এই এলাকার উন্নয়ন করব।”
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ‘হাঁস’ প্রতীককে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানার জনপ্রিয়তা ও প্রতীকের প্রতীকী তাৎপর্য নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।