ঢাকা — ২২ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রশ্নে গণভোট সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিন নেতার মাজার ও জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এই প্রচার কার্যক্রমের সূচনা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা। মাজার ও কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, “১০ দলীয় নির্বাচনি ঐক্য বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন।”
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাষ্ট্রীয় সংস্কার এগিয়ে নিতে হলে ১০ দলীয় ঐক্যের বিজয়ের কোনো বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা-৮ আসনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে শাপলা কলি প্রতীকে ভোট চেয়ে নাহিদ ইসলাম বলেন, “বাংলাদেশের মানুষের মনের কথা, স্বপ্নের কথা এবং ঢাকা-৮-এর বাসিন্দাদের কষ্ট-দুঃখ ও দুর্দশার কথা নাসীরুদ্দীন পাটওয়ারী তুলে ধরছেন।”
কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার পাশে অবস্থিত শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর ‘মার্চ ফর জাস্টিস’ নামে তাদের নির্বাচনি যাত্রা শুরু হয়, যা রাজধানীর মতিঝিলে গিয়ে শেষ হয়।