ঢাকা | ২৪ জানুয়ারি ২০২৬
রাজধানীর গুলশানে তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শনিবার দুপুর ২টায় বিচারপতি শাহাবুদ্দিন পার্কে অনুষ্ঠিত হবে এই ব্যতিক্রমধর্মী আয়োজন, যেখানে তরুণদের ভাবনা, প্রস্তাব ও প্রত্যাশা সরাসরি শোনার সুযোগ তৈরি করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন। তিনি জানান, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের লক্ষ্যেই এই ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে অংশ নেবেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি ইতোমধ্যে দেশের নীতি প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে তরুণদের প্রতিনিধিত্ব করে প্রশংসা কুড়িয়েছেন বলে জানান মাহাদী আমীন।
আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার উদ্দেশ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২,৫০০ তরুণ অংশগ্রহণ করেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ ১১টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ইস্যুতে এক মিনিটের রিলস তৈরি করেন তারা।
জনমতের ভিত্তিতে (৩০ শতাংশ) এবং জুরি বোর্ডের মূল্যায়নে (৭০ শতাংশ) ১০ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। এই বিজয়ীরাই আজ সরাসরি তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পাচ্ছেন।
মাহাদী আমীন আরও জানান, নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে বিএনপি চালু করেছে
📞 ইলেকশন হটলাইন: ১৬৫৪৩
📲 হোয়াটসঅ্যাপ হটলাইন: +৮৮০১৮০৬-৯৭৭৫৭৭
এই হটলাইনের মাধ্যমে নির্বাচনসংক্রান্ত আইন, বিধিমালা, ভোটারদের অভিযোগ ও মতামত গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে অসংখ্য নাগরিক এই সেবার মাধ্যমে সমাধান পেয়েছেন বলেও জানান তিনি।
এ সময় তিনি সতর্ক করে বলেন, একটি প্রতারক চক্র ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের চেষ্টা করছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এসব কার্ড সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তির হাতে পৌঁছে দেওয়া হবে। এ ধরনের প্রতারণার শিকার হলে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপির হটলাইনে জানানোর আহ্বান জানান তিনি।