ঢাকা | ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনি শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা জরুরি। তিনি অভিযোগ করেন, হামলা ও সহিংসতার মাধ্যমে নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের উত্তর কাফরুল হাইস্কুল এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, নির্বাচনের মাধ্যমে দেশকে শৃঙ্খলার পথে ফিরিয়ে আনতে হবে। সহিংসতা বা হামলার রাজনীতি দেশের জন্য কল্যাণ বয়ে আনে না। বরং এতে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।
শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, দেশে বর্তমানে দুটি বিষয়ের মারাত্মক ঘাটতি রয়েছে—নৈতিক শিক্ষা (মোরাল এডুকেশন) এবং পেশাগত শিক্ষা (প্রফেশনাল এডুকেশন)। এই দুটি বিষয় নিশ্চিত করার জন্য জামায়াতে ইসলামী কাজ করতে চায়।
তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা পড়াশোনা শেষ করলেও বাস্তব জীবনে প্রবেশের সঙ্গে সঙ্গে হতাশায় ভুগছে। তারা দেশ বা বিদেশ—কোথাও নিজেদের উপযুক্তভাবে খাপ খাইয়ে নিতে পারছে না। কারণ তাদের মধ্যে প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা ও পেশাগত সক্ষমতার অভাব রয়েছে।
জামায়াত আমির আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের সন্তানের জন্য শিক্ষা ব্যবস্থার এই দুটি দিকই সমানভাবে কাভার করতে হবে। যদি নৈতিকতা ও পেশাগত দক্ষতা—উভয় দিক নিশ্চিত করা যায়, তাহলে আমরা দেশ কিংবা প্রবাসে যেখানেই থাকি না কেন, কার্যকরভাবে অবদান রাখতে পারব।
তিনি বলেন, তখন আমরা সবাই গর্বিত নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে সক্ষম হব।