কুমিল্লা (চৌদ্দগ্রাম), ৩১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার, আদিপত্যবাদ কিংবা ফ্যাসিবাদ দেখতে চান না। একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই তাদের রাজনীতির মূল লক্ষ্য।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “আমরা কোনো আদিপত্যবাদ মানবো না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা এমন একটি সরকার দেখতে চাই না, যেখানে দুর্নীতি হবে। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই—যেখানে মানুষ সম্মান ও ন্যায়ের সঙ্গে বাঁচবে।”
চৌদ্দগ্রামের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি আমাদের ভোট দেন এবং আমরা ক্ষমতায় যেতে পারি, তাহলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনারা মন্ত্রিসভার একজন সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। এই প্রতিশ্রুতি আমি আপনাদের সামনে দিচ্ছি।”
তিনি আরও বলেন, চৌদ্দগ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কি না, সেটি তাদের বিবেচনার বিষয়। দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
জনসভায় স্থানীয় জামায়াত নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।