ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করা হবে না। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন ভোট প্রদানের নিশ্চয়তা দেয়ার জন্য দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে সংবাদ সম্মেলনে ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দেশব্যাপী পূর্ণ প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনি দায়িত্বে মোতায়েন থাকবে। মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালন করবে। এছাড়া সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।
ঝুঁকি বিবেচনায় সারা দেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। প্রতিটি উপজেলায় ২ থেকে ৪টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকার পরিকল্পনা করা হয়েছে।
বিজিবির এই প্রস্তুতি ভোটারদের শান্তিপূর্ণ ও নিরাপদ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।