দাউদকান্দি (কুমিল্লা) | ৩১ জানুয়ারি ২০২৬
নারীদের প্রতি সহিংসতা ও হুমকির রাজনীতির কঠোর সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেছেন, যারা মায়ের জাতিকে রাস্তায় দেখলে কাপড় খুলে দেওয়ার হুমকি দেয়, তারা মানব প্রজাতির অন্তর্ভুক্ত নয়। নির্বাচন সামনে রেখে এমন ভাষা ও আচরণ ভবিষ্যতের ভয়াবহ ইঙ্গিত বহন করে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় জোট সমর্থিত কুমিল্লা-১ আসনের প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের আগে বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতি, ব্যাংক ও শেয়ারবাজার লুট, গুম-খুন এবং নারীদের ইজ্জতহানির চিত্র আমরা দেখেছি। একটি পরিবার, একটি গোষ্ঠী ও একটি দল ছাড়া দেশের মানুষকে ভাড়াটিয়া মনে করা হতো বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “৫ আগস্টের পর কেউ কেউ আত্মসমালোচনায় এসেছে, আবার অনেকের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। নির্বাচন সামনে রেখে তারা সোনালী স্বপ্নের কবিতা শোনাচ্ছে— বাংলাদেশকে আমেরিকা বানাবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে।”
নারীদের প্রতি হুমকির প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, “যারা মা-বোনদের রাস্তায় দেখলে কাপড় খুলে দেওয়ার হুমকি দেয়, তারা কোন প্রজাতির? তারা মানুষ না।”
তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের আগে যারা এমন কথা বলতে পারে, তারা নির্বাচনের পরে কী করবে— তা সহজেই অনুমেয়। “মর্নিং শোজ দ্য ডে”— সকালে সূর্য যেভাবে ওঠে, দিনটাও তেমন যায়।
তিনি বলেন, কেউ যদি নারীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার চেষ্টা করে, তবে মা-বোনদের সন্তানেরা চুপ করে বসে থাকবে না। নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশের আকাশের নিচে ও জমিনের ওপর সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। সংবিধানের নাম ব্যবহার করে জনগণের ওপর জুলুম চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই পচা রাজনীতিকে আমরা আর চলতে দেব না। এখন সময় এসেছে লাল কার্ড দেখানোর।”
তিনি বলেন, “অনেকে টাকা লুট করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে, আর দেশের মানুষকে অনিশ্চয়তায় ফেলেছে।”
জামায়াতের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, তারা এমন একটি বাংলাদেশ গড়তে চান— যেখানে কোনো প্রভু থাকবে না, থাকবে বন্ধু রাষ্ট্র। মা-বোনরা ঘরে-বাইরে, কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মান ও নিরাপত্তা নিয়ে চলাফেরা করতে পারবেন।
যুব সমাজ প্রসঙ্গে তিনি বলেন, যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমান নয়, বরং কর্মসংস্থান নিশ্চিত করা হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে শিক্ষা, স্বাস্থ্য, প্রবীণদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। বিশেষ করে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করার কথাও জানান তিনি।
2 Comments
Start earning passive income—join our affiliate network today!
Get paid for every referral—sign up for our affiliate program now!