টাঙ্গাইল | ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোটগ্রহণ নয়—এটি মানুষের ভাগ্য পরিবর্তনের দিন হতে হবে। তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়া ও দেশ উন্নয়নের রাজনীতি।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের দরুন-চরজানা বাইপাস এলাকার খোলা মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, “বহু কষ্ট ও রক্তের বিনিময়ে আমরা আবার স্বাধীনতার স্বাদ পেয়েছি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন শুধু নির্বাচন হলে চলবে না, এটি হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের দিন।”
তিনি ৫ আগস্টের গণআন্দোলনের উদাহরণ টেনে বলেন, যেভাবে সেদিন মানুষ রাজপথে নেমেছিল, ঠিক সেভাবেই ভোটের দিন সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে।
তারেক রহমান বলেন, “আগামী দিন ভাগ্য গড়ার দিন, আগামী দিন দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য গড়ার রাজনীতি, দেশ উন্নয়নের রাজনীতি। এ দেশ কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়—এ দেশ কোটি জনগণের দেশ।”
ভোটাধিকার রক্ষার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “আমাদের সজাগ থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে আবার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে।”
তিনি দাবি করেন, এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যার অভিজ্ঞতা আছে দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার।
তিনি আরও বলেন, “১২ ফেব্রুয়ারিতে জনগণ সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কীভাবে চলবে। আল্লাহ চাইলে ভোটের পর ১৩ ফেব্রুয়ারি থেকেই দেশ গড়ার কাজ শুরু করব।”
অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গে তারেক রহমান বলেন, টাঙ্গাইলের তাঁতের শাড়ি ও টুপি আন্তর্জাতিক বাজারে ব্যাপক সম্ভাবনাময়। পরিকল্পিত উদ্যোগ নিলে বিদেশি বাজারে এসব পণ্যের চাহিদা আরও বাড়ানো সম্ভব।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিলের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা বক্তব্য দেন। জনসভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার আটটি আসনের দলীয় প্রার্থীদের জনসমক্ষে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এর আগে রাজশাহী ও রংপুর বিভাগে সফর শেষে ঢাকা ফেরার পথে তিনি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক নির্বাচনি জনসভায় বক্তব্য দেন। জনসভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
1 Comment
Tap into a new revenue stream—become an affiliate partner!