মাধবপুর (হবিগঞ্জ) | ৩১ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রিজিউনের অধিনায়ক কর্নেল বিএম তৌহিদ হাসান এএফডব্লিউসি (পিএসসি)।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের মাধবপুরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় দায়িত্ব পালন করবে।
বিজিবি অধিনায়ক বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সরাইল রিজিউনের অধীন সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ ব্যাটালিয়নের আওতায় ১৭ জেলার ৫৬টি সংসদীয় আসনের ৯২টি উপজেলায় মোট ৩৩০ প্লাটুন বিজিবি সদস্য (প্রায় ৬ হাজার ৬০০ জন) মোতায়েন থাকবে।
এর মধ্যে সীমান্তবর্তী ছয়টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবেও দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানসহ হবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।