০৬ ফেব্রুয়ারি ২০২৬
উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউলশিল্পী সুনীল কর্মকার আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাত আনুমানিক ৪টার দিকে প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কয়েক দিন ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন।
শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগী, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অনেকে তাকে বাংলা লোকসংগীতের এক অনন্য সাধক হিসেবে স্মরণ করেন।
নেত্রকোনা জেলায় জন্ম নেওয়া সুনীল কর্মকার মাত্র সাত বছর বয়স থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত হন। বাউল দর্শন ও মানবিক চেতনায় ঋদ্ধ তার গান দেশ-বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
কেবল কণ্ঠশিল্পী হিসেবেই নয়, বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য শিষ্য ও অনুসারী তৈরি করেছেন এই গুণী শিল্পী।
তার মৃত্যুতে বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়ল বলে মনে করছেন সংস্কৃতিজনরা।