ঢাকা/ইসলামাবাদ, ৮ ফেব্রুয়ারি ২০২৬
কম খরচে রেল পরিবহন ব্যবস্থা শক্তিশালী করতে পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
বাংলাদেশ পাকিস্তান থেকে স্বল্পমূল্যে মালবাহী ওয়াগন ও বগি ক্রয়ে আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি ইসলামাবাদ ও লাহোরের মুঘলপুরা এলাকায় অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ও ওয়ার্কশপ পরিদর্শন করে। সেখানে তারা ট্রেনের বগি, ওয়াগন ও অন্যান্য সরঞ্জাম উৎপাদনের প্রক্রিয়া ঘুরে দেখেন।
পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন।
এ সময় প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি প্রতিনিধিদলকে ওয়ার্কশপের প্রযুক্তিগত সক্ষমতা, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রের মাধ্যমে উৎপাদন কার্যক্রম তুলে ধরা হয়।
পরবর্তী পর্যায়ে প্রতিনিধিদল লোকোমোটিভ ওয়ার্কশপ পরিদর্শন করে, যেখানে ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও উৎপাদন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়।
সফর শেষে বাংলাদেশের প্রতিনিধিরা জানান, এই উদ্যোগ দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
পাকিস্তান রেলওয়ে বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশে ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে। কর্মকর্তারা জানান, ভবিষ্যতে বাংলাদেশের রেল বিশেষজ্ঞ দল আরও প্রযুক্তিগত তথ্য সংগ্রহে পাকিস্তান সফর করবে।
পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে সহযোগিতা বাড়লে উভয় দেশই উপকৃত হবে। তিনি জানান, বাংলাদেশ বর্তমানে ভারতের সঙ্গেও ওয়াগন ও বগি ক্রয় নিয়ে আলোচনা করছে।