১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বৃহস্পতিবার রাজধানীর বিএএফ শাহীন কলেজ, ঢাকা ভোটকেন্দ্রে স্বশরীরে উপস্থিত হয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের প্রত্যাশা ব্যক্ত করেন।
আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকালে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি বিএএফ শাহীন কলেজ, ঢাকা কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে তিনি দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও জাতীয় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।
বিমান বাহিনী প্রধান ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় নিয়োজিত সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভোট প্রদান শেষে উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে তিনি সংক্ষিপ্ত মতবিনিময় করেন এবং জাতীয় এই গুরুত্বপূর্ণ সময়ে জনমনে আস্থা সৃষ্টিতে গঠনমূলক ভূমিকা রাখায় গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।