ঢাকা | ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ১২ মার্চ নতুন সংসদ অধিবেশন বসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পরামর্শে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধিবেশন শুরু হলে ওই দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের পরদিন বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি।
ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নতুন সরকার কার্যক্রম শুরু করেছে। তবে স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ এখনো নির্বাচিত হননি।
বিরোধীদলীয় নেতৃবৃন্দের মধ্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন বিরোধীদলীয় নেতা হিসেবে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের নির্বাচিত হয়েছেন বিরোধীদলীয় উপনেতা হিসেবে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম হয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ।