ঢাকা | ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-এর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম মন্তব্য করেছেন, বোর্ডের কাজ আগের মতোই চলছে এবং তারা একটি নির্বাচিত বোর্ড।
নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “আমার মনে হয় উনি (আমিনুল হক) আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। কারণ সরকারে থাকার আগে এবং পরের কথায় ভিন্নতা থাকে। আগে হয়তো যেভাবে বলেছেন, এখন সেভাবে বলছেন না। দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কথা বললে ভালো হয়।”
তিনি আরও বলেন, “আগে যেভাবে কাজ করছিলাম, এখনও সেভাবেই কাজ করছি। আমরা একটা নির্বাচিত বোর্ড, যে সরকার এসেছে সেটাও নির্বাচিত। সবাই সবার নিয়ম অনুযায়ী চলে। আমরাও আমাদের নিয়ম অনুযায়ী চলব। সরকার বিবেচনা করবে কীভাবে কী চলবে। আমরা এখনও সেভাবেই কাজ করছি।”
বিসিবির নির্বাচন সংশ্লিষ্ট আদালতের মামলার বিষয়ে নাজমুল বলেন, “যারা বলছে তারা বলছে। তাদের কথা তো আটকে রাখতে পারব না। মামলা নিয়ে আমাদের কোনো ধরনের মন্তব্য নেই। কোর্টের কিছু থাকলে তা নিয়ে কথা বলা সাবজুডিস (বিচারাধীন), আমি এ ব্যাপারে কথা বলতে রাজি না।”
এ প্রসঙ্গে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, বর্তমান প্রশাসন আগের মতো কার্যক্রম অব্যাহত রাখবে এবং কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বোর্ডের দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবে না।