ঢাকা | ২০ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
অ্যাপল তাদের সাশ্রয়ী স্মার্টফোন সিরিজে নতুন সংস্করণ ‘আইফোন ১৭ই’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যান জানিয়েছেন, চলতি ফেব্রুয়ারি মাসে ফোনটি বিশ্ববাজারে আসার সম্ভাবনা রয়েছে।
আইফোন ১৭ই-তে থাকবে অ্যাপলের সর্বাধুনিক ‘এ১৯’ চিপ, যা ফোনের গতি ও কার্যক্ষমতা বহুগুণ বৃদ্ধি করবে। এর সঙ্গে যুক্ত হতে পারে নতুন ‘ম্যাগসেফ’ ওয়্যারলেস চার্জিং সুবিধা, যা পূর্বের মডেলে ছিল না।
গারম্যানের তথ্য অনুযায়ী, ফোনে অ্যাপলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সর্বশেষ সেলুলার ও ওয়্যারলেস চিপ ব্যবহৃত হবে, যা নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি আনা সম্ভব করবে। যদিও নতুন স্ক্রিন ডিজাইন এবং ‘ডাইনামিক আইল্যান্ড’ ফিচার নিয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য নেই।
মূল আকর্ষণ হলো, অত্যাধুনিক ফিচার থাকা সত্ত্বেও ফোনটির দাম আগের মতোই ৫৯৯ ডলার রাখা হতে পারে।
২০২৬ সালে অ্যাপল আরও নতুন ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে ওএলইডি ডিসপ্লে সংবলিত আইপ্যাড মিনি, নতুন আইপ্যাড এয়ার, এম৫ চিপযুক্ত ম্যাকবুক এয়ার এবং ১৪ ও ১৬ ইঞ্চি ম্যাকবুক প্রোসহ ম্যাক স্টুডিওর নতুন সংস্করণ।
বিশ্বজুড়ে অ্যাপল ভক্তরা আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।