খুলনা | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আগুন লেগে ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় ধরনের ক্ষতি হয়েছে দু’টি দোকানে, একটি দোকানের মালামাল পুরোপুরি পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, রাত ১১টা ১০ মিনিটের দিকে খুলনা নিউ মার্কেট সংলগ্ন মার্কেটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খুলনা ফায়ার সার্ভিস। বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এমডি আব্দুল মালেক জানিয়েছেন, আগুনে ১০–১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি দোকানে বড় ধরনের ক্ষতি হয়েছে এবং একটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। মার্কেটের সামনে থাকা বিদ্যুৎ ও ইন্টারনেটের তারও আগুনে পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনা ও নৌবাহিনীর সদস্যরা এবং স্থানীয়রাও সহযোগিতা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে রাত পৌনে ২টা পর্যন্ত কিছু জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।