ঢাকা | ১০ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের সাতটি জাহাজ আন্তর্জাতিক সমুদ্রপথে রয়েছে। এর মধ্যে এমভি বাংলার জয়যাত্রা দুবাইয়ের জেবেল আলি বন্দরে আটকে আছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সাতটি জাহাজ বর্তমানে আন্তর্জাতিক বিভিন্ন রুটে পণ্য পরিবহন করছে। এর মধ্যে এমভি বাংলার জয়যাত্রা সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে আটকে আছে। জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। পণ্য খালাস শেষ হলেও জ্বালানি না পাওয়ায় জাহাজটি বন্দর ছাড়তে পারছে না।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, অন্য ছয়টি জাহাজ নিরাপদ অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বর্তমানে এমভি নবযাত্রা যুক্তরাষ্ট্রে, এমটি বাংলার অগ্রদূত কানাডায়, এমটি বাংলার অগ্রগতি সিয়েরা লিওনে, এমভি বাংলার প্রগতি সেনেগালে, এমটি বাংলার অগ্রযাত্রা পাকিস্তানে এবং এমভি বাংলার অর্জন রাশিয়ায় অবস্থান করছে।
সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে চলাচলকারী এসব জাহাজ বাল্ক কার্গো পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির জ্বালানি সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে।