মাদারীপুর, ১০ মার্চ ২০২৬
মাদারীপুর পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় আলমগীর হাওলাদার (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে, এবং এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিহত আলমগীর হাওলাদার স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলদারের সমর্থক এবং তার চাচাতো ভাই। আধিপত্য নিয়ে চলমান বিরোধের জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে হাসান মুন্সীর পক্ষের লোকজন আলমগীর হাওলাদারের ওপর সংঘবদ্ধ হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করে তার হাতের কব্জি কেটে ফেলে এবং পরে বেধড়কভাবে হত্যা করে।
এ সময় কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আধিপত্য নিয়ে দুইপক্ষের মধ্যে আগেও কয়েকবার সংঘর্ষ, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। নিহত আলমগীর হাওলাদারের মৃত্যুর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।