ঢাকা, ১০ মার্চ ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) মহানগরের মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য দৈনিক জ্বালানি তেল ক্রয়ের সর্বোচ্চ সীমা ৫ লিটার নির্ধারণ করেছে। পূর্বে এই সীমা ছিল ২ লিটার।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১০ মার্চ) এ নির্দেশনা প্রদান করা হয়। এতে বলা হয়েছে, ফিলিং স্টেশন থেকে তেল গ্রহণের সময় চালককে অবশ্যই তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ প্রদান করতে হবে।
প্রতিবার তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রশিদ/বিলের মূল কপি জমা দিতে হবে। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপসের সঙ্গে যাচাই করে তেল সরবরাহ করতে হবে।
বিপিসি আরও জানিয়েছে, দেশে সরকার নির্ধারিত মূল্যে তেল বিক্রয় বাধ্যতামূলক। সংকটের সময় অতিরিক্ত মূল্য আদায় আইনত অপরাধ। বর্তমান পরিস্থিতিতে সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি।
দেশে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদেশ থেকে নিয়মিত আমদানি এবং সারাদেশে ডিপোতে রেল ও ট্যাংকারের মাধ্যমে তেল পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের সকল ভোক্তা ও ডিলারের সহযোগিতার ওপর নির্ভর করছে সরবরাহের স্বাভাবিকতা।