ফ্যামিলি কার্ড কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে; মঙ্গলবার বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে ১৫ জন নারীর হাতে বিতরণ শুরু।
বিশেষ প্রতিনিধি: ১০ মার্চ ২০২৬
ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তিসংলগ্ন) আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে ১৫ জন নারীর হাতে কার্ড তুলে দেওয়া হয়।
বিএনপির নির্বাচনি ইশতেহারে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানে মন্ত্রীসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শুরুতে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে পাইলটিং পর্যায়ে কর্মসূচি বাস্তবায়িত হবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, প্রতিটি উপজেলার তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা চূড়ান্ত করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে প্রতিটি পরিবারের দারিদ্র্য সূচক নির্ধারণ করা হয়েছে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত ৫১৮০৫টি থানার তথ্য যাচাই করে ৪৭৭৭৭টি খানার তথ্য সঠিক পাওয়া গেছে। ডাবল ডিপিং, সরকারি চাকরি বা পেনশন প্রাপ্তির কারণে চূড়ান্তভাবে ৩৭৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য বাছাই করা হয়েছে।
ওয়ার্ড কমিটি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, বসবাসের পরিস্থিতি, গৃহস্থালী সামগ্রী, রেমিট্যান্স প্রবাহ ইত্যাদি তথ্য সংগ্রহ করেছে। ইউনিয়ন ও উপজেলা কমিটির যাচাইপূর্বক চূড়ান্ত উপকারভোগীর তালিকা তৈরি করা হয়েছে। পাইলটিং পর্যায়ে সারাদেশে মোট ৬৭৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে, যা আগামী দিনে কর্মসূচি সম্প্রসারণে ব্যবহার হবে।