নাটোর, ১০ মার্চ ২০২৬
নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় আইরমারি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দুর্বৃত্তরা তাকে ভোরের সময় হত্যা করে লাশ ফেলে যেতে পারে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্থানীয় পথচারীরা ব্রিজের পাশেই লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহের কাছে একটি অটোরিকশার সিট ও কম্বল পাওয়া গেছে। স্থানীয়রা ধারণা করছেন, নিহত ব্যক্তি হয়তো কোনো ভ্যান বা অটোরিকশার চালক ছিলেন। গভীর রাতে বা ভোরের দিকে তার যানবাহন ছিনতাই করে তাকে হত্যা করা হতে পারে।
স্থানীয়রা আরও জানান, চাঁচকৈড়ের বড় হাটকে কেন্দ্র করে ভোররাত থেকেই ওই সড়কে বিভিন্ন মালবাহী গাড়ি ও যানবাহন চলাচল শুরু হয়। ওই সময়ের মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুব হোসেন জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।