কিশোরগঞ্জ, ১০ মার্চ ২০২৬
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব—তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় অগ্নিনির্বাপণ মহড়া আয়োজন করে।
মঙ্গলবার সকালে আয়োজিত মহড়ায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইদ্রিস আলী সরকার এবং চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
মহড়ায় সাধারণ মানুষও অংশগ্রহণ করে। তারা সিলিন্ডার গ্যাস বা অন্যান্য অগ্নিকাণ্ড পরিস্থিতিতে কীভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান বলেন, মহড়া দিয়ে মানুষকে দুর্যোগ মোকাবিলায় সচেতন করা এবং জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে প্রতিক্রিয়া করার সক্ষমতা বৃদ্ধি করা লক্ষ্য ছিল।