ঢাকা, ২৯ মার্চ ২০২৬
জাতীয় সংসদের চলমান অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় এমপিরা বৈঠক করে সংসদে তাদের অবস্থান ও কৌশল নির্ধারণ করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে রোববার বেলা ১১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এবং অন্যান্য সংসদ সদস্যরা। বৈঠকে চলমান অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের ভূমিকা ও কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং দিকনির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মূলতবির পর আজ থেকে পুনরায় শুরু হচ্ছে। বেলা ৩টায় অধিবেশন শুরু হবে জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে।
এর আগে ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সরকারের পাশাপাশি বিরোধীদলীয় সদস্যরাও এতে অংশ নেবেন।
এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেই নোটিশের ওপর আলোচনা করা হবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টার আলোচনা অনুষ্ঠিত হবে। সংসদের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।