প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় আগাম পদক্ষেপ হিসেবে মালয়েশিয়ার সরকারি খাত, সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা ও সরকার-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জন্য ‘work from home’ অর্থাৎ বাসা থেকে কাজের নিয়ম চালু হতে যাচ্ছে। আগামী ১৫ এপ্রিল থেকে এই নির্দেশনা কার্যকর হবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার এক ব্রিফিংয়ে জানান, এই পদক্ষেপ দেশের জ্বালানি ব্যবহারের চাপ কমাতে এবং সরকারি খাতের কার্যক্রমে অপ্রত্যাশিত ব্যাঘাত এড়াতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা শিগগিরই ঘোষণা করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, “এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলার জন্য একটি আগাম প্রস্তুতি। সরকারি খাত, সরকারি সংস্থা ও সরকার-সংশ্লিষ্ট কোম্পানিগুলো ১৫ এপ্রিল থেকে বাসা থেকে কাজ শুরু করবে।”
সরকারি কর্মকর্তারা আশা করছেন, এই হোম অফিস ব্যবস্থা শ্রমিকদের যাতায়াত ও জ্বালানি ব্যবহারের উপর চাপ কমাবে এবং একই সঙ্গে সরকারি কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করবে।