প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬
ওয়াশিংটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তি পুরোপুরি মেনে নেওয়া না হলে দেশটিতে ফের ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তেহরান ‘প্রকৃত চুক্তি’ অনুসরণ না করলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “যতক্ষণ না স্বাক্ষরিত প্রকৃত চুক্তি সম্পূর্ণরূপে মেনে চলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব মার্কিন জাহাজ, বিমান ও সামরিক কর্মী ইরানের ভেতরে ও তার আশপাশে অবস্থান করবে। যদি কোনো কারণে তা না হয়, তাহলে গোলাগুলি শুরু হবে, আর তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ ও শক্তিশালী।”
তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে—এ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। ট্রাম্পের বক্তব্য, “আমাদের মহান সামরিক বাহিনী এখন প্রস্তুতি ও বিশ্রাম নিচ্ছে এবং প্রকৃতপক্ষে তাদের পরবর্তী বিজয়ের জন্য অপেক্ষা করছে।”
তিনি পোস্ট শেষ করেছেন ঘোষণা দিয়ে: “আমেরিকা ফিরে এসেছে!”