রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা এটা (ইউরেনিয়াম) গুছিয়ে নেব। আমরা ইরানে যাব এবং যখন সম্ভব হবে, বড় বড় যন্ত্র দিয়ে তা খনন করে বের করব… আমরা তা যুক্তরাষ্ট্রে হস্তান্তর করব।”
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকে বোঝাতে ট্রাম্প আবারও ‘পারমাণবিক ধূলিকণা’ শব্দটি ব্যবহার করেন এবং বলেন যে এটি “খুব শীঘ্রই” উদ্ধার করা হবে।
তিনি জোর দিয়ে বলেন যে, একটি চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধ অব্যাহত রাখবে।
ট্রাম্প আরও বলেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন “খুব ভালো বোঝাপড়া” চলছে এবং তিনি আশা করছেন “খুব দ্রুত” একটি চুক্তি হবে।
তিনি বলেন, একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আরও আলোচনার প্রয়োজন এবং এই আলোচনা “সম্ভবত আগামী দুই দিনের মধ্যে অনুষ্ঠিত হবে”।
অ্যাক্সিওস ওয়েবসাইট আজ জানিয়েছে যে, পাকিস্তানের মধ্যস্থতায় এবং মিশর ও তুরস্কের সমর্থনে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পরবর্তী দফা রবিবার ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।