ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আব্দুল-মালিক আল-হুথি বলেছেন, ইসলামী বিশ্বের উদাসীনতা ও নিষ্ক্রিয়তা মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন বিস্তারের পথ প্রশস্ত করছে। ফিলিস্তিনের গাজা, লেবানন এবং ইরানের ওপর ইসরায়েলি সামরিক হামলার পরিপ্রেক্ষিতে তিনি মুসলিম দেশগুলোর ভূমিকার তীব্র সমালোচনা করেন।
তিনি আরও বলেন, ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জোট (ওআইসি) গাজার অবরুদ্ধ মানুষের কাছে সামান্য খাদ্য বা বেসিক মানবিক সহায়তা পাঠাতে পারছে না, যা পুরো উম্মাহর জন্য লজ্জাজনক।
ফিলিস্তিনি জনগণ এবং লেবাননের প্রতিরোধের প্রতি সমর্থন জানিয়ে তিনি ঘোষণা করেন যে, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ ও নিপীড়ন ইসলামী জাতির দেহে একটি গভীর ক্ষত।