আজ (১৩ জুন, শনিবার) চট্টগ্রামে বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, বিভ্রান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার শেখ হাসিনার রাজনীতি করবেন না। আপনি সুস্পষ্ট বিভ্রান্তি সৃষ্টি করছেন।
তিনি আরও বলেন, আজ আসার পথে শুনলাম কক্সবাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন, জাতীয় বাজেটে মদ বিড়ির দাম বৃদ্ধি করায়… মদের উপর বিড়ির উপর কর বৃদ্ধি করায় নাকি বিরোধীদল অসন্তুষ্ট হয়েছে। আমরা পরিস্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী! আপনার মুখে এরকম পাতলামি মার্কা বক্তব্য মানায় না। আপনি মদ নিষিদ্ধ করেন, জুয়া নিষিদ্ধ করেন, মাদকের আখড়া সমূলে উৎপাটন করেন; বিরোধীদল আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে। কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করলে রাজপথে মোকাবেলা করব।
তিনি বলেন, শাপলা চত্বরের শহীদ পরিবারকে স্বীকৃতি ও সম্মাননা জানাতে হবে। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন তবে প্রমাণ হবে, আপনারা ইসলাম মুসলমান ও মদীনার ইসলামের যে কথা বলেন সেটা ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়।
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে বাকশাল কায়েম করতে চায় উল্লেখ বলেন, আপনারা বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করবেন। কিন্তু আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না। আপনারা আপনাদের নোট অব ডিসেন্ট বাস্তবায়ন করে একদলীয় বাকশাল কায়েম করার চেষ্টা করছেন। আমাদের পরিস্কার বক্তব্য, গণভোটের মাধ্যমে বাংলাদেশের ৭০% মানুষ যে ম্যান্ডেট প্রদান করেছে সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে সে রায় বাস্তবায়ন করতে বিরোধীদল আন্দোলনের মাধ্যমে যা করতে হয় করবে।