মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সতর্ক করে বলেছেন যে, যদি আলোচনা ব্যর্থ হয়, তবে ইরানকে কোনো টোল বা ফি আদায় করতে দেওয়া হবে না। তার বদলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বজায় রাখার জন্য “গার্ডিয়ান অ্যাঞ্জেল” বা অভিভাবক হিসেবে সেবা দেওয়ার খরচ হিসেবে যুক্তরাষ্ট্র নিজেই হরমুজ প্রণালীতে টোল আদায় করবে।
ট্রাম্প স্পষ্ট বলেন যে, ৬০ দিনের যুদ্ধবিরতি ও অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে ইরানের সাথে ওয়াশিংটনের কোনো চূড়ান্ত পারমাণবিক বা শান্তি চুক্তি না হলে, যুক্তরাষ্ট্র নিজে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর টোল বা ট্রানজিট ফি আরোপ করবে।
এর আগে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিপরীতে “পরিবেশগত সুরক্ষা” বা “পরিষেবা ফি” নেওয়ার ইঙ্গিত দিলে ট্রাম্প তা পুরোপুরি নাকচ করে দেন।
এই বাগযুদ্ধের মধ্যেই ইরান লেবাননে ইসরায়েলি হামলার কারণে হরমুজ প্রণালী বন্ধ করার দাবি জানায়। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে যে জলপথটি সচল রয়েছে এবং জাহাজ চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে।
এই তীব্র উত্তেজনার মাঝেই যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে চূড়ান্ত চুক্তির উদ্দেশ্যে কারিগরি ও পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে।