স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জুন ২০২৬
পাবনা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন, জাতীয় সংসদে মসজিদে রাজনীতি বন্ধ এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।
বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
‘মসজিদ আমাদের দুর্গ’
বক্তব্যে নাজিবুর রহমান বলেন, “মসজিদ আমাদের দুর্গ, গম্বুজ আমাদের হেলমেট, মিনারগুলো আমাদের বেয়নেট আর ঈমানদারেরা আমাদের সৈনিক।” তিনি উল্লেখ করেন, এই কবিতার কারণে অতীতে একজন রাজনৈতিক নেতাকে কারাবরণ করতে হয়েছিল এবং তার দলকেও নিষিদ্ধ করা হয়েছিল। পরে সেই নেতাই রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হন।
তিনি বলেন, “এই সংসদে মসজিদে রাজনীতি বন্ধের দাবি উঠেছে। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে। এ ধরনের ফ্যাসিবাদী দাবি আমরা অতীতেও একটি দলের নেতাকর্মীদের করতে দেখেছি। আজ জনগণ তাদেরকেই প্রত্যাখ্যান করেছে।”
বাজেট প্রণয়নে সংসদ সদস্যদের সম্পৃক্ততার দাবি
বাজেট প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটের বিস্তারিত দলিল অনেক সংসদ সদস্যই পড়েন না এবং পড়ার প্রয়োজনও অনুভব করেন না। তার ভাষায়, “এই বাজেট আমরা প্রণয়ন করি না, আমাদের ভূমিকা শুধু এটি পাস করার—রাবার স্ট্যাম্পের মতো।”
তিনি বলেন, প্রকৃত সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বাজেট প্রণয়নের সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এবং সংসদ সদস্যদের কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে।
স্থায়ী কমিটিতে বাজেট পর্যালোচনার প্রস্তাব
মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, আইন করে মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিগুলোর মাধ্যমে বাজেট পর্যালোচনার ব্যবস্থা করা উচিত। তিনি উল্লেখ করেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার অন্যান্য দেশে বাজেট প্রণয়নে সংসদ সদস্যদের অংশগ্রহণ আরও ব্যাপক ও কার্যকর থাকে।
তিনি আরও বলেন, বর্তমানে সংসদ সদস্যরা যে বাজেট নিয়ে আলোচনা করেন, বাস্তবে সেই বাজেট প্রণয়নে তাদের অংশগ্রহণ খুবই সীমিত, যা পরিবর্তনের প্রয়োজন রয়েছে।