সিলেট অফিস
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ২০:৩৭
মাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।
বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাজারে অনিয়মের সুযোগ থাকবে না
মন্ত্রী বলেন, মাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানুষের প্রত্যাশা বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা অস্বচ্ছতার সুযোগ দেওয়া হবে না বলেও তিনি জানান।
ওসমানী বিমানবন্দরে বাড়ছে প্রবাসীবান্ধব সেবা
আরিফুল হক চৌধুরী বলেন, বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধা বিবেচনায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, রাতের ফ্লাইটের যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বয়োজ্যেষ্ঠ, অসুস্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা এবং প্রাথমিক চিকিৎসা সুবিধা আরও উন্নত করা হবে।
এছাড়া বিমানবন্দরে প্রবাসীরা যাতে কোনো ধরনের হয়রানি বা অসুবিধার শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
মালয়েশিয়া সফর নিয়ে আশাবাদ
সাম্প্রতিক মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ উল্লেখ করে মন্ত্রী বলেন, দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে শ্রমবাজার ও জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী জুলাই মাসের মধ্যেই মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করবেন, যার মাধ্যমে চলমান বিভিন্ন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হবে।
কাতারে নিহত বাংলাদেশিদের সহায়তায় পদক্ষেপ
কাতারে নিহত বাংলাদেশিদের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, মরদেহ দেশে আনা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
পরিদর্শনকালে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।