জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও সংকল্প রক্ষায় আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সংগঠকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় জুলাই আন্দোলনের অর্জন, সীমাবদ্ধতা, ভবিষ্যৎ করণীয় এবং গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে। তবে দেশের বৃহত্তর স্বার্থে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে নিয়মিত আলোচনা ও মতবিনিময় অব্যাহত রাখা প্রয়োজন।সংস্কারের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে যার যার অবস্থান থেকে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, জুলাই ব্যর্থ হয়নিএ বিষয়ে আমরা একমত। জুলাইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করেছি। তবে সেই অর্জনকে সুসংহত করতে হলে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে যোগাযোগ ও মতবিনিময় আরও জোরদার করতে হবে। জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতার পরিবর্তে আত্মসমালোচনা ও আত্মোপলব্ধির চর্চা প্রয়োজন।
মঞ্জু আরো বলেন, জুলাই উদযাপন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। মুক্তিযুদ্ধের চেতনার মতো জুলাইয়ের চেতনাকেও কোনো নেতিবাচক ট্যাগিংয়ের শিকার হতে দেওয়া যাবে না। আমরা এখনো সেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারিনি, যেখানে জুলাইয়ের স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়েছে। তবে আমরা ব্যর্থও হইনি। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে এবং জনগণের কাছে একটি কার্যকর বিকল্প শক্তি হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।