ঢাকা, ৩ অক্টোবর ২০২৫:
সম্প্রতি প্রথম আলো একটি ধর্ষণের সংবাদ প্রকাশ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে আজ এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা আজিজুল হক ইসলামাবাদী বলেন, প্রথম আলোর এ ধরনের সংবাদ উপস্থাপন ইসলাম ও মুসলিম সমাজকে উদ্দেশ্যমূলকভাবে আঘাত করার সামিল।
তিনি অভিযোগ করে বলেন, প্রথম আলো দীর্ঘদিন ধরেই ইসলাম ও মুসলিমবিরোধী প্রচারণা চালাচ্ছে। তাদের সংবাদ উপস্থাপনার ভঙ্গি ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি মুসলমানদের কলঙ্কিত করার অপচেষ্টা। কোনো অপরাধীর বিচারের খবরে ধর্মবিদ্বেষী ট্যাগ বা ইসলামকে জড়ানো গ্রহণযোগ্য নয়।
হেফাজত মহাসচিব আরও বলেন, প্রথম আলো তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজ এবং পোর্টালে ধারাবাহিকভাবে ইসলাম ও মুসলিম সমাজের প্রতি বিদ্বেষমূলক কনটেন্ট প্রচার করছে। এর মাধ্যমে তারা দেশের মুসলমানদের আবেগকে আঘাত করছে, যা ইসলামবিদ্বেষী ফ্রেমিং-এর ঘৃণ্য উদাহরণ।
তিনি আরও দাবি করেন, দেশের মুসলিম উম্মাহর স্বার্থে এবং জাতীয় ঐক্যের জন্য প্রথম আলোর এ ধরনের ইসলামবিদ্বেষী সাংবাদিকতা বর্জন করা প্রয়োজন। হেফাজত মহাসচিব বলেন, বাংলাদেশ একটি মুসলিমপ্রধান দেশ, তাই মুসলিম সমাজকে হেয় করার প্রচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না।
বিবৃতিতে তিনি আহ্বান জানান, সময় এসেছে প্রথম আলোর ইসলামবিদ্বেষী ফ্রেমিং প্রতিহত করার। গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা নিয়ে সত্য সংবাদ প্রকাশে মনোনিবেশ করতে হবে।