বাংলাদেশে আসছেন ক্বিরাত জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশ্বব্যাপী লাখো শ্রোতার হৃদয়জয়ী কণ্ঠের অধিকারী এবং ইরানের মন্ত্রী পদমর্যাদায় নিযুক্ত আন্তর্জাতিক কোরআনিক দূত ড. শায়েখ ক্বারী হামেদ শাকের নেজাদ। তিনি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর আমন্ত্রণে তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন।
আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৫’-এ অংশগ্রহণের জন্য তিনি ঢাকা পৌঁছাবেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব ও আন্তর্জাতিক ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী হাফিযাহুল্লাহ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, “বিশ্বে তিলাওয়াত অঙ্গনের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠ হামেদ শাকের নেজাদের আগমন বাংলাদেশের কোরআনপ্রেমী জনতার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। তার সফর ঘিরে দেশব্যাপী ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
সংস্থার সূত্রে জানা যায়, এবারের সম্মেলনে মিশর, ইরান, ইংল্যান্ড, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশ থেকে বিশ্বের উল্লেখযোগ্য ৮ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী অংশ নেবেন।
এছাড়াও, বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন একজন বিশ্ববিখ্যাত শিশু ক্বারী, যিনি নিজস্ব কণ্ঠে বিশ্বমঞ্চে ইতিমধ্যে সাড়া ফেলেছেন।
সম্মেলনটি এবার বিশাল পরিসরে, সবচেয়ে অনন্য পরিবেশে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আয়োজকরা আশা করছেন, এটি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ও সর্বাধিক জনসমাগমের ক্বিরাত সম্মেলন।
শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী আরও জানান, “এ আয়োজনকে সামনে রেখে খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
বার্তা প্রেরক
সুলাইমান নোমান তাফহীম
দফতর সম্পাদক
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ