গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বাসচাপায় এক পথচারী আহতের ঘটনায় ক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। বুধবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মালেকের বাড়ি এলাকায় একটি দ্রুতগামী বাসের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত ওই বাসটিকে থামানোর দাবি জানায়। পরে বাসটি পালিয়ে গেলে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অনেকে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করছেন এবং সড়ক থেকে যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আহত পথচারীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।