দেশের ৬৪ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠন এবং ঢাকার নির্বাচিত যুব সংগঠনগুলোকে ৫ কোটি ৪১ লাখ টাকার অনুদান দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘এ অনুদান সংগঠনগুলোর কার্যক্রমকে আরো বেগবান করবে। যুবসমাজের ইতিবাচক অংশগ্রহণ দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ‘আজকের যুবকরাই আগামী প্রজন্মের অনুপ্রেরণা। তারা দেশকে দুর্নীতিমুক্ত করবে এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে অবদান রাখবে।’
অনুষ্ঠানে উপস্থিত আটটি সংগঠনের হাতে অনুদানের চেক তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আসিফ মাহমুদ। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।