আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, যে যাই বলুক না কেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, “সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণে নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। নির্ধারিত সময়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় আছে, সরকার সেই প্রতিশ্রুতিতেই অটল।”
তিনি আরও বলেন, বর্তমান সরকার আইনের শাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় অঙ্গীকারবদ্ধ। নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা।