গাইবান্ধা, ২ নভেম্বর ২০২৫:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তিনজনের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। তবে স্থানীয়দের দাবি, তারা পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।
এদিকে, একই দিনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলাতেও গরু চুরির সন্দেহে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে আবদুস সালাম (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।
নিহত সালাম একই ইউনিয়নের রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সালাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুলালী বেগম (৪৩) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আটক দুলালী বেলকা নবাবগঞ্জ গ্রামের আবদুল গণি মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ জানায়, উভয় ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছে।