ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎপরতায় সাড়ে ১১ কেজি গাঁজাসহ একজন আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফুলপুর উপজেলার ফতেপুর কুরিয়ারপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারির নাম রাব্বিল মিয়া (৩৬)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে। আটককৃত রাব্বিল দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মাদক ব্যবসায় জড়িত ছিলেন এবং বিভিন্ন জেলার মধ্যে অবৈধ মাদক পরিবহন করছিলেন।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি নেতৃত্বে পরিচালিত অভিযানে এ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ১১.৫ কেজি।
ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী আটককৃত রাব্বিল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। বর্তমানে তাকে ফুলপুর থানার হেফাজতে রাখা হয়েছে এবং আইন অনুযায়ী তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে বলে জানিয়েছে। অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, স্থানীয় ও আন্তঃজেলা মাদক ব্যবসায়ীদের ধ্বংস করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।