শনিবার (৬ ডিসেম্বর) ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ধুরাইল বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি একই বাজারে গণসংযোগ ও জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে রাজনৈতিক প্রতিহিংসা নয়, সহনশীলতা ফিরিয়ে আনবে। ধর্মীয় উগ্রতা, বর্ণের বৈষম্য নয়, বরং সৌহার্দ্য, সম্প্রীতি ও সাম্য নিশ্চিত করবে।
তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি উন্নয়নের রাজনীতি করে, কিন্তু উন্নয়ন নিয়ে রাজনীতি করে না। আওয়ামী লীগের মতো দুর্নীতি ও লুটপাট নয়, বরং সততা ও নিষ্ঠার সাথে আমরা জনকল্যাণে-জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করব। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত সময়ে ব্যর্থতা ও নির্লিপ্ততার কারণে হালুয়াঘাটে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমি যদি নির্বাচিত হই, তবে ক্ষমতা থাকবে আপনাদের হাতে। আপনাদের সাথে পরামর্শ নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং তদারকি হবে। সঠিক উন্নয়ন পদ্ধতি অনুসরণ করে দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করব। জনগণ আমাদের সঙ্গে থাকলে, কোনো শক্তিই আমাদের থামাতে পারবে না। পথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ, জেলা যুব দলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল প্রমুখ।