দাবি আদায়ে শিক্ষা ভবনের সামনে সড়কে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির ফলে হাইকোর্ট মোড় থেকে সচিবালয় অভিমুখে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে কর্মসূচি পালন করছেন দেড় থেকে দুইশ শিক্ষার্থী। তারা স্লোগানে স্লোগানে তাদের দাবির কথা তুলে ধরছেন। শিক্ষার্থীরা বলছেন, আলোচনা সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। তবে দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাব। আমরা ওপর থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সরছি না।
সুমাইয়া তাহমিন নামের এক শিক্ষার্থী বলেন, অধ্যাদেশ না নিয়ে আমরা রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি যৌক্তিক, দাবি মানতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না।
দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, রাতে শিক্ষা ভবনের সামনে তথা আবদুল গণি সড়কে অবস্থান করেছেন শিক্ষার্থীরা। আজ সকাল ১০টায় সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে শিক্ষা ভবনের পেছনের অংশে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়।