বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়ার খোকসায় উপজিলায় পাপ্পু বিশ্বাস (৩৫) নামের এক যুবককে গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। বিকেলে উপজেলার দিকে ওসমানপুর ইউনিয়নের জিকে খালের কাজির ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পাপ্পু বিশ্বাস ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে। বর্তমানে সে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর ওসমানপুর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে পাপ্পু মোটরসাইকেল চালিয়ে উপজেলা শহরের ভাড়া বাসায় ফিরছিলেন। ওসমানপুর গ্রামের জিকে খালের কাজির ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে পাপ্পু গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা পাপ্পুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আহত যুবকের বাবা ওয়াজেদ আলী বলেন, প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাঁর মোটরসাইকেল থামিয়ে ৫-৬টি গুলি চালিয়েছে। দুটি গুলি পায়ের এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেড়িয়ে গেছে। একটি গুলি হাঁটুর মধ্যে আটকে আছে। এ ছাড়া দুই হাত, পেট ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ যুবককে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এখানেই চিকিৎসা দেওয়া যাবে।
বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন বলেন,”পাপ্পু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জানার পর থেকে ওসমানপুরে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করছে।এঘটনায় জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় আনা হবে”