ঢাকা | বুধবার
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে রাজধানীর ঐতিহাসিক মানিক মিয়া অ্যাভিনিউ।
জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা জুড়েই জানাজা অনুষ্ঠিত হবে। দেশের জাতীয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে যাতে সর্বস্তরের জনগণ নির্বিঘ্নে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জনসাধারণের জন্য বিস্তৃত ব্যবস্থা
কর্তৃপক্ষ জানিয়েছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশের সড়কগুলোতেও জনসাধারণ অবস্থান করতে পারেন—এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্রোত সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে।
দাফন রাষ্ট্রীয় মর্যাদায়, নিরাপত্তা জোরদার
জানাজা শেষে বেলা সাড়ে ৩টার দিকে বেগম খালেদা জিয়াকে শহিদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি, কূটনীতিক ও বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।