ঢাকা | ১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে তদন্তাধীন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগমের মালিকানাধীন গুলশানের দশমিক ৪৯৫০ একর জমির ওপর নির্মিত বহুতল ভবনসহ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ঢাকার ভাটারা এলাকার তিন দশমিক ৩৭৭ একর জমিও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।
দুদকের আবেদনে আদালতের আদেশ
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বহুতল ভবনসহ এসব স্থাবর সম্পত্তি জব্দের আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, আহমেদ আকবর সোবহান, তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুসন্ধানে দুদক ইতোমধ্যে ১০ সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করেছে।
সম্পত্তি হস্তান্তরের আশঙ্কা
দুদকের অনুসন্ধানে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরেও বিপুল পরিমাণ সম্পদের মালিকানা রয়েছে। পাশাপাশি আফরোজা বেগম তার মালিকানাধীন স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন বলেও তথ্য পেয়েছে সংস্থাটি।
দুদকের মতে, অনুসন্ধান শেষে মামলা দায়ের এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করতে এসব স্থাবর সম্পত্তি জব্দ করা জরুরি।
বড় ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধান জোরদার
রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী বড় ব্যবসায়ীদের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নামে রাষ্ট্রের একাধিক সংস্থা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) বসুন্ধরা গ্রুপসহ পাঁচটি বড় কোম্পানির মালিকদের বিষয়ে অনুসন্ধান শুরু করে। এ সংক্রান্ত লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠিও পাঠানো হয়।
ব্যাংক হিসাব অবরুদ্ধ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা
এরপর গত অক্টোবরে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আহমেদ আকবর সোবহান ও তার চার ছেলেসহ আটজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেয়।
একই মাসে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আহমেদ আকবর সোবহানসহ পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।
সিআইডি ও দুদকের পৃথক অনুসন্ধান
গত সেপ্টেম্বর মাসে সিআইডি দেড় লাখ কোটি টাকা মূল্যের জমি দখল ও অর্থ পাচারের অভিযোগে আহমেদ আকবর সোবহান এবং তার ছেলে সায়েম সোবহান আনভীরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত জানায়।
এর আগে গত এপ্রিলে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত।
জুন মাসে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন জানান, আহমেদ আকবর সোবহানের দুই ছেলে—গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান (সানভীর) এবং কো-চেয়ারম্যান সাদাত সোবহানের যুক্তরাজ্যে পাচার করা সম্পদের তথ্য সে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
ন্যাশনাল ব্যাংকের ৬০০ কোটি টাকা আত্মসাতের মামলা
সবশেষ গত ১০ ডিসেম্বর ন্যাশনাল ব্যাংকের প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আহমেদ আকবর সোবহানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।