নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে শঙ্কা, ইইউ প্রতিনিধিদের কাছে উদ্বেগ জানাল জামায়াত
ঢাকা | ৭ জানুয়ারি ২০২৬
প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়েছে উল্লেখ করে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না—তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াত আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ডা. তাহের বলেন, “আবার যদি পাতানো নির্বাচন হয়, তাহলে দেশ আবার ধ্বংসের দিকেই যাবে।” তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় বাধা।
তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। জামায়াতে ইসলামী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে—এই বার্তাটি ইইউ প্রতিনিধিদের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।
এ সময় ডা. তাহের এনসিপিকে ১০টি আসন দেওয়ার খবরকে “সম্পূর্ণ অসত্য” বলে দাবি করেন। তিনি বলেন, ১১ দলীয় জোটের নির্বাচনি আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে।
ব্রিফিংয়ে ডা. তাহের আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এবারকার জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে। এতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।